বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাচনে বিজয়ী ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ জুন) নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়।

\r\n

নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি পদে কেবল একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে। কোনো আপত্তি বা আপিল না থাকায় ভোটগ্রহণ ছাড়াই প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

\r\n

নবনির্বাচিত কমিটিতে সেলিম রহমান প্রথম সহ-সভাপতি এবং ইনামুল হক খান সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যান্য সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান (ফাইন্যান্স), ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং মো. রফিক চৌধুরী।

এবারের নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইকবাল। সদস্যসচিব ছিলেন মোহাম্মদুল হাসান, আর সদস্য ছিলেন আশরাফ আহমেদ ও সৈয়দ আফজাল হাসান উদ্দিন। উত্তরার ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্স থেকেই নির্বাচনি সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হয়েছে।

\r\n

নির্বাচনী কার্যক্রম সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নবনির্বাচিত বোর্ড আগামী ১৬ জুন বর্তমান প্রশাসক মো. আনোয়ার হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। তিনি অন্তর্বর্তীকালীনভাবে সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন।